জুন ৮, ২০২৬, ০৬:৩৫ পিএম
মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইনে দুই দেশের মন্ত্রীদের বৈঠকে এই ঐকমত্য হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। একই সঙ্গে তিনি টেক্সটাইল শিল্পের পাশাপাশি ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী জানান, তাদের দেশের টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগির বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।এছাড়া, ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের মন্ত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন