মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
শ্রমবাজার

মন্টেনিগ্রোর সঙ্গে শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে আলোচনা

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১২:৪২ পিএম

মন্টেনিগ্রোর সঙ্গে শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে আলোচনা

বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর প্রয়োজন ইউরোপের দেশ মন্টেনিগ্রোর। সেই বিশাল শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। দেশটিতে দ্রুত দক্ষ কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উভয় পক্ষ পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও স্বাস্থ্যসেবা খাতের জন্য সরকারি পর্যায়ে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা এবং শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তির বিষয়েও কথা হয়েছে। সংসদীয় কূটনীতি ও প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি ‘বাংলাদেশ-মন্টিনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বহুমুখী ও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া, সিরামিক এবং পাটজাত পণ্য আমদানিতে মন্টিনিগ্রো আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশে কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশ-বান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য শক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। মন্টিনিগ্রোও নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

এছাড়া শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।