জুন ৯, ২০২৬, ০৭:২৩ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য এবং করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তার প্রশ্নে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি এবং সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেছিলেন।
তবে অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, বর্তমান বাজেটে বিড়ির মূল্য বা করহার বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।দীর্ঘদিন ধরে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির বিষয়টি জনস্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে আলোচিত হয়ে আসছে।
তবে অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে বিড়ি শিল্প সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তামাকজাত পণ্যের কর কাঠামোয় পরিবর্তন না আনায় আপাতত সাধারণ খুচরা বাজারে বিড়ির দাম অপরিবর্তিত থাকছে।
সংসদে অর্থমন্ত্রীর এই বক্তব্য বাজেট পেশের আগে তামাক নীতি ও রাজস্ব খাতের ওপর সরকারের অবস্থান আরও স্পষ্ট করলো। তামাক পণ্য নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা ও স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে সবসময় কর বৃদ্ধির দাবি থাকলেও, সরকার বিড়ি শিল্পের বাস্তবতাকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন