বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফেরত ও তদন্তের দাবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৭:৩৬ পিএম

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফেরত ও তদন্তের দাবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকে বিগত সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। 

একই সঙ্গে তিনি বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া ও বৈধতা যাচাইয়ে একটি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্যাংকটিতে বিগত সময়ে নিয়মনীতি উপেক্ষা করে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, তা তদন্তের আওতায় আনা হবে। 

পাশাপাশি, রাজনৈতিক বিবেচনায় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের নিয়োগ কতটুকু সঠিক ছিল—তাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।” তিনি স্পষ্ট করেন যে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বোর্ড অব ডিরেক্টরদের অব্যাহতি দিতে পারে এবং কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা আইন অনুযায়ীই করতে হবে।

সম্প্রতি ব্যাংকে অস্থিরতা তৈরি নিয়ে তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল পর্দার আড়ালে থেকে ‘গ্রাহক’ সেজে আন্দোলনে উসকানি দিচ্ছে। তবে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, কিংবা কোনো নির্দিষ্ট দলও ইসলাম নয়। ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, নাবিল গ্রুপসহ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও যথাযথভাবে সম্পন্ন করা হবে বলে তিনি জানান। ইসলামী ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে সরকার বদ্ধপরিকর এবং অহেতুক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ব্যাংকিং খাতকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।