রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

জাতীয় ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৭:৩৮ পিএম

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং সুশাসন

চলমান অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই নিয়োগ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আশরাফুল আলম ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এছাড়া ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের সুরক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করতে পারবেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত তথ্য প্রদান করবেন। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শীর্ষ পর্যায়ে বেশ কিছু পরিবর্তন ও পদত্যাগের ঘটনা ঘটেছে।আস্থার সংকট কাটাতে এই উদ্যোগ।

এর আগে গত মে মাসে ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। ব্যাংকের এমডি ওমর ফারুক খানের পদত্যাগসহ বিভিন্ন ইস্যুতে গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকটিতে অস্থিরতা চলছে।