জুন ১০, ২০২৬, ১১:৩৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী যদি দালাল চক্র দমন না করেন, তবে জাতি যেকোনো সময় রাস্তায় নেমে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন যে দমন যেখানে আপনাকে সেখানে থাকতে হবে।
সংসদীয় এই অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়।মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে অভিবাসী শ্রমিকদের বিদেশি বাজার রক্ষা করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং এর কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।
এজন্য তিনি সরকারের জোরদার কূটনৈতিক তৎপরতা এবং ফরেন সার্ভিস ও ডিপ্লোম্যাটদের এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান। দেশের অর্থনীতি সচল রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনে সংসদে এনে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। শ্রমিকদের বিভিন্ন হয়রানি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করে বলেন যে শ্রম মন্ত্রণালয় যাদের দায়িত্বে রয়েছে তাদের ডেকে অতি দ্রুত জবাবদিহি চাওয়া উচিত। দেশের বাইরে বাংলাদেশি কর্মীরা কেন নির্যাতনের শিকার হচ্ছেন এবং পাসপোর্ট নিয়ে কেন বারবার সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। দেশের সম্মান, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের গৌরব এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। যারা ম্যানপাওয়ার ব্যবসা ও বিদেশি দালাল চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি তাকে নির্ধারিত ছয় মিনিট সময় দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তার উত্থাপিত সব দাবি ও লিখিত বক্তব্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জমা দেবেন বলে সংসদকে অবহিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন