জুন ১৬, ২০২৬, ০২:১৫ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। দেশের নিজস্ব অর্থায়ন ও প্রকল্প ঋণের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন এবং দুটি সংশোধিত।
মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা দেওয়া হবে। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে আসবে বলে জানানো হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন উপস্থিত মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
তাদের সঙ্গে যোগ দেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও সভায় অংশ নেন। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন `সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন` প্রকল্প অনুমোদন পেয়েছে এই সভায়। এর পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি বড় প্রকল্প সবুজ সংকেত পেয়েছে। এর মধ্যে ফেনী জেলার মুহুরী- বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের ১ম পর্যায় রয়েছে। অন্য দুটি হলো করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার কয়েকটি এলাকা রক্ষা প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন সংক্রান্ত ৩য় সংশোধিত প্রকল্পটিও এই সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে।
সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত ৪টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা কমপ্লেক্স নির্মাণ এবং সাভারে নেভী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন প্রকল্প। শমসেরনগর বিমান বাহিনী স্টেশনের বিদ্যমান বিএএফ শাহীন কলেজের অবকাঠামোগত মান উন্নয়নের কাজও এর অন্তর্ভুক্ত। শেষ প্রকল্পটি হলো প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের ৪র্থ পর্যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন