জুন ১৯, ২০২৬, ০৫:০২ পিএম
কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ সদর দপ্তর থেকে ইতিমধ্যেই দেশের সবকটি ইউনিটে প্রয়োজনীয় সতর্কতা ও কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলসহ নানা কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে দলটির নেতাকর্মীরা।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি অর্থাৎ উপপুলিশ মহাপরিদর্শক কামরুল আহসানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজিদের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় যে বিভিন্ন জেলা ও মহানগরে ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার কারণে দেশের বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল,
বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে মারাত্মক সংঘর্ষ তৈরি হতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি আওয়ামী লীগের এই ধরণের কার্যকলাপে সরাসরি বাধা প্রদান করে তবে তারা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। এমতাবস্থায় বিষয়টির সুনির্দিষ্ট গুরুত্ব অনুধাবন করেমাঠ পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলের নামে বিভিন্ন স্থানে আকস্মিক ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ ও কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে তীব্র উত্তেজনা তৈরি হতে দেখা গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। এছাড়া একই দিনে গণভবনের সামনে যুবলীগের পক্ষ থেকেও একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে জননিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয় সে জন্য সার্বিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরণের নাশকতা ও সহিংসতা ঠেকাতে মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন