সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোহিঙ্গাদের মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের জোর

জাতীয় ডেস্ক

জুন ২০, ২০২৬, ১২:৩২ পিএম

রোহিঙ্গাদের মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের জোর

জাতিসংঘ সদর দফতর

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসন করা। নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই জোর দাবি জানান।রোহিঙ্গারা নিজেরাও এখন দ্রুত তাদের নিজ দেশে ফিরে যেতে চায়।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই আলোচনার তথ্য জানায়। বৈঠকে রাষ্ট্রদূত বলেন যে এই দীর্ঘস্থায়ী সংকটের উৎপত্তি মায়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত ক্ষেত্রে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনরায় স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।