জুন ২১, ২০২৬, ০২:৪৭ পিএম
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা রোবোসাব ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরভাইনে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আন্ডারওয়াটার ভেহিকল প্রস্তুতকারী দল বেঙ্গলসাব। বিশ্বমঞ্চে লাল-সবুজের নাম আরও একবার উজ্জ্বল করতে যাওয়া এই তরুণ ও প্রতিভাবান দলটি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টেক অটোক্রেটসের একটি বিশেষ কনসার্ন হিসেবে কাজ করছে। গত বছরের চমৎকার ও সম্ভাবনাময় শুরুর পর এবার আরও বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা।
বিগত আসরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত বাধা ও চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে আন্ডারওয়াটার রোবোটিক্সের উন্নয়ন প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়েছে।পূর্বের ভুলত্রুটি শুধরে আরও দক্ষ, সুসংগঠিত ও পরিশ্রমী তরুণ প্রকৌশলীদের সমন্বয়ে এবার গঠিত হয়েছে নতুন একটি শক্তিশালী দল। এবারের প্রতিযোগিতায় দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্বে রয়েছেন একঝাঁক প্রতিভাবান তরুণ। বেঙ্গলসাবের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন সুদীপ্ত মণ্ডল এবং টিম কো-লিড হিসেবে আছেন মো. মাসরুল খান।
রোবটের কাঠামোগত ও যান্ত্রিক দিক তদারকির জন্য মেকানিক্যাল লিড হিসেবে আছেন মো. রিফাত হোসেন। এ ছাড়া ইলেকট্রিক্যাল লিড হিসেবে আরিয়ান সিদ্দিক, সফটওয়্যার লিড হিসেবে খন্দকার রেদওয়ানুর রহমান, ওয়েবসাইট লিড হিসেবে আসাদুল্লাহ আল গালিব এবং পুরো দলের কাজের নথিপত্র সংরক্ষণে ডকুমেন্টেশন লিড হিসেবে দায়িত্ব পালন করছেন সাবরিন সহেলী অরুম।
দলটির মূল চালিকাশক্তি হিসেবে সাধারণ সদস্য ক্যাটাগরিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন একঝাঁক স্বপ্নবাজ তরুণ প্রকৌশলী। তাদের মধ্যে রয়েছেন আন নাফি উ, রুবাইয়াত এইচ রহমান, মো. তানভীর রহমান সাদ, মোহাম্মদ সানজিদ রহমান, হাসিন ইশরাক চৌধুরী তাহা, রাহুল দেবনাথ, সিরাজুম মুনিবির, সন্দীপন কুণ্ডু এবং ইমতিয়াজ উদ্দিন। এই প্রকৌশলীদের দীর্ঘ তালিকায় আরও যুক্ত আছেন সাহেদ হোসেন, এইচ এম শাহরিয়ার ইসলাম সিয়াম, খান মো. আবদুর রহমান, ফাইরুজ বিনতে কবির, মোহাম্মদ জারিফ বিন সালেক, মো. মিরাজ খান, আরিক অর্ক, মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঁইয়া, মোহাম্মদ আনাস রাদি এবং সামন্নু সিয়াম।
রোবোসাব ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বেঙ্গলসাব তৈরি করেছে সম্পূর্ণ নতুন এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেল। প্রযুক্তিগত দিক থেকে এই রোবটটি বেশ অনন্য ও আধুনিক যার মূল বডি বা চেসিস তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের নিখুঁত সিএনসি কাট এবং উন্নত অ্যালুমিনিয়াম প্রোফাইল মাউন্ট সিস্টেম। রোবটটিতে শক্তিশালী ও উন্নত মডেলের টি ২০০ থ্রাস্টার ব্যবহার করা হয়েছে যা পানির নিচে যানটির সিক্স-ডিগ্রি মুভমেন্ট নিশ্চিত করবে।
সর্বাধুনিক প্রযুক্তির থ্রিডি প্রিন্টারের মাধ্যমে একে সফলভাবে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। বেঙ্গলসাব দলের সদস্যরা ব্যক্তিগত ও দলগত পর্যায়ে এর আগে রোবোসাব ২০২৫, রোবোবোট ২০২৬, নাসা এইচইআরসি, ওয়ার্ল্ড রোবোট অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল রোবোট অলিম্পিয়াড এবং বাংলাদেশ রোবোট অলিম্পিয়াডের মতো অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ভারতের বিশ্বখ্যাত আইআইটি বোম্বের দলও অংশ নেবে যা প্রতিযোগিতার আমেজ ও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন