সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাশকতার আশঙ্কায় ঢাকা জুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

জাতীয় ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১২:৩৭ পিএম

নাশকতার আশঙ্কায় ঢাকা জুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে রাজধানীসহ দেশের সব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের ঝটিকা মিছিল, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা প্রতিহত করতে সকাল থেকেই পুরো মহানগর এলাকা জুড়েই পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক চৌকি স্থাপন করে কড়া পাহারা দিচ্ছেন।

ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না এবং ঢাকাবাসী সম্পূর্ণ নিরাপদ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও তদারকি অব্যাহত রয়েছে।