জুন ২৩, ২০২৬, ০৯:২০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরে যোগ দিতে আজ মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন সরকারের দুই মন্ত্রী। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।দুই মন্ত্রীর এই সফরের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
সফরসঙ্গী হিসেবে তাঁরা চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সংশ্লিষ্টদের ভিসা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এর আগে গত রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি সরাসরি চীন সফরে যান।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া ২৩ থেকে ২৫ জুন চীনের দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন