জুলাই ৪, ২০২৬, ০৮:০২ পিএম
বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি ও বিভাজন বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক গবেষণা ও আলোচনার একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠতে পারে। তিনি উল্লেখ করেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির নিয়ম এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠী এককভাবে বিশ্বকে শাসন করতে পারে না।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাসী। যে যার অবস্থান থেকে নিজের কথা বলবেন এবং মতাদর্শের সুস্থ আদান-প্রদান হবে — এটিই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি। তিনি বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় এই জার্নাল প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। সভাপতিত্ব করেন ড. এ এফ এম খালিদ হোসেন। আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন স্বাগত বক্তব্য দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন