জুলাই ৬, ২০২৬, ০৮:৪৯ পিএম
শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে তিনি শিশুদের উদ্দেশে বলেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে।
পরিদর্শনের সময় তিনি শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন এবং পানি ভবনের ডে কেয়ার সেন্টারগুলো ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন অতিথিরা।
কর্মশালায় ডা. জুবাইদা রহমান বলেন, শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন প্রতিটি শিশুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তিনি বলেন, দিবা পরিচর্যা কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ায় সহায়ক। এই মানবিক কাজে নিয়োজিত কেয়ার গিভার মা-বোনদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু হয়েছিল। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন