শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০২:৪৭ পিএম

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান

ছবি : সংগৃহীত

গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আয়োজিত চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। শনিবার সকালে রাজধানী ঢাকার ভাসানটেক এলাকায় আয়োজিত এই চক্ষু চিকিৎসাকেন্দ্র ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন তিনি। 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই জনকল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করা হয়।সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান ক্যাম্পের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন। 

এ সময় তিনি রোগীদের চোখের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সাথে কথা বলেন। এই ক্যাম্পে ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ রোগীরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।