জুলাই ৭, ২০২৬, ০৫:১১ পিএম
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। ইউনিট দুটির পরিবর্তে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ (এসএসইউ) নামে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিরাপত্তা হুমকির পরিবর্তিত ধরন মোকাবিলা এবং উগ্রবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতেই এই পুনর্গঠন করা হচ্ছে। উগ্রবাদী মতবাদ প্রচার বা প্রশিক্ষণের নামে কোনো কার্যক্রম চললে তা কঠোরভাবে দমন করার বার্তাও দিয়েছে পুলিশ। মার্শাল আর্ট বা কারাতের মতো প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদ ছড়ানোর কোনো তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এর আগে গত জুন মাসে ইউনিটগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পুলিশের যুক্তি, সময়ের প্রয়োজনে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে আরও বিস্তৃত ও শক্তিশালী সাংগঠনিক পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউনিটগুলোর কার্যকারিতা বৃদ্ধি করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। এতে নতুন কাঠামোর পাশাপাশি বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত মূল দায়িত্বগুলোও বহাল থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন সিটিটিসি ইউনিটকেও একই প্রক্রিয়ায় ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি’ হিসেবে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন