জুলাই ১৪, ২০২৬, ০৫:৫৫ পিএম
দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশব্যাপী ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকার মাঠপর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে দেশজুড়ে সমন্বিত পরিবার শুমারি ও আধুনিক ডাটাবেজ তৈরির কাজ শুরু করছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের পক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশব্যাপী সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করবে। এর মাধ্যমে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই শুমারির ওপর ভিত্তি করে ১ কোটি ৬১ লাখ পরিবারকে আধুনিক ডাটাবেজের আওতায় এনে আগামী চার বছরের মধ্যে কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোরের সহায়তা নেওয়া হবে।
বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে প্রায় ৭০ হাজার নারী-প্রধান পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছে। এই মাঠপর্যায়ের তথ্যগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।ঢাকা-১৮ আসনের ফ্যামিলি কার্ডের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, উত্তরা ও সংলগ্ন এলাকায় পরিবার শুমারি শেষ করে চলতি অর্থবছরেই ব্যাপকভাবে কার্ড বিতরণ করা হবে। তালিকা তৈরির পর তা সংশ্লিষ্ট সংসদ সদস্যের দপ্তরে সরবরাহ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন