রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মানবতা ঝুঁকির মুখে‍‍`এআই ও পারমাণবিক যুদ্ধ নিয়ে ড. ইউনূসের সই

জাতীয় ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:০৫ পিএম

মানবতা ঝুঁকির মুখে‍‍`এআই ও পারমাণবিক যুদ্ধ নিয়ে ড. ইউনূসের সই

ছবি - সংগৃহীত

ভ্যাটিকানে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক যুদ্ধবিষয়ক গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলিতে অংশ নিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোমের ক্যাপিটোলাইন হিলে হিউম্যানিটি অ্যাট দ্য থ্রেশহোল্ড শীর্ষক একটি ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়েছে।সম্মেলনটিতে রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে এবং হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ বিশ্বের বিভিন্ন নোবেলজয়ী অংশ নিয়েছেন।

ঘোষণাপত্রে গভীর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির ভবিষ্যতের জন্য নজিরবিহীন হুমকি তৈরি করছে। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ ও পারমাণবিক যুগের মধ্যে তুলনা টেনে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ব এখন এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ত্র প্রতিযোগিতার দিকে ধাবিত হচ্ছে, যা বিদ্যমান পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও ভয়ংকর করে তুলছে। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে মানবজাতি আবারও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে।

নোবেলজয়ীরা সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা দুর্বল করে দিচ্ছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হুমকি বাড়াচ্ছে এবং তথ্যযুদ্ধকে উৎসাহিত করছে। এর ফলে আন্তর্জাতিক শান্তির জন্য প্রয়োজনীয় পারস্পরিক আস্থা ক্ষুণ্ন হচ্ছে।

ঘোষণাপত্রে ছয়টি মূল নীতির ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে সংযম ও কার্যকর বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা। প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানব তত্ত্বাবধানবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দূরে রাখা এবং পারমাণবিক অবকাঠামোকে সাইবার হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল ও কৃত্রিম বুদ্ধিমত্তা তদারকির নতুন প্রতিষ্ঠান গঠন, তরুণ প্রজন্মের নেতৃত্ব ও শিক্ষা এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোতে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বক্তব্য রেখেছেন। সম্মেলনে কার্ডিনাল ফাবিও বাজ্জিও, কার্ডিনাল অ্যাঞ্জেল ফার্নান্দেজ আরতিমে, কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।