জুলাই ২৭, ২০২৬, ১০:৪৯ এএম
রাষ্ট্রীয় ব্যয় কমানোর কৌশল হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা পুলিশের বিশেষ নিরাপত্তা বহর বা প্রটেকশন এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এই প্রটেকশন ব্যবস্থা আগের মতোই কার্যকর রাখা হয়েছে। সরকারি কোষাগারের খরচ কমানো এবং প্রশাসনিক সংযম প্রদর্শনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
খরচ কমানোর এই উদ্যোগ শুরু হয়েছে শীর্ষ প্রশাসনিক স্তর থেকেই।প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা বহর সংকুচিত করার নীতি গ্রহণ করেন। তিনি নিজস্ব গাড়িবহরে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন এবং সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধা নেওয়া থেকেও বিরত থাকছেন।
ফলে তাঁর গাড়িবহরও সাধারণ যানবাহনের মতো ট্রাফিক সিগন্যালে সংকেতের অপেক্ষায় থাকে। ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর এসকর্ট বহর তুলে নেওয়া হয়। তবে প্রচলিত বিধি মেনে তাদের ব্যক্তিগত সশস্ত্র রক্ষী, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন