আগস্ট ৩, ২০২৬, ১২:৫০ পিএম
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উদ্বোধনের পাশাপাশি তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সাভার, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও যশোরে এই ইনস্টিটিউটের আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সঠিক সমন্বয় ঘটানোর লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই প্রতিষ্ঠানে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি চালু থাকবে।পাশাপাশি এর সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষারও একটি সুদৃশ্য সমন্বয় ঘটানো হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন