আগস্ট ৫, ২০২৬, ১০:৫৩ এএম
গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম জুলাই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে এই মাসটি জাতিকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
বিবৃতিতে তিনি জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন যে জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, বরং এটি সর্বস্তরের মানুষের। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক, পেশাজীবীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।নারীদের সাহসিকতা এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি মনে করেন।সবশেষে তিনি দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন