আগস্ট ৬, ২০২৬, ০৫:৩৮ পিএম
সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এ আর খান আর নেই। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে এই বিশিষ্ট চিকিৎসকের বয়স হয়েছিল একশ বছর ছয় মাস। তার প্রয়াণে চিকিৎসা ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের সংরক্ষিত ডায়েরি অনুযায়ী বাংলা ১৩৩২ সালে জন্ম নেওয়া এই গুণী মানুষটির জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।পরে তাকে নিজ জন্মস্থান দোহার উপজেলার খালপাড় খানবাড়ির পারিবারিক কবরস্থানে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। সুদীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনানিবাসে চিকিৎসাসেবা প্রদান করেন।
চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার পরও তিনি থেমে থাকেননি, বরং স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিবেদিত রেখেছিলেন। নিজ এলাকা দোহারের ফুলতলা বাজার এলাকায় পদ্মা কলেজ প্রতিষ্ঠা এবং নার্সদের প্রশিক্ষণকেন্দ্র গড় তোলার পেছনে তার অনন্য অবদান রয়েছে।এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি মা ও শিশু ক্লিনিক স্থাপন এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন।
শিশু-কিশোরদের মানসিক বিকাশের লক্ষে তিনি `দাদুস` নামক সংস্থা প্রতিষ্ঠা করেন এবং খেলার মাঠ নির্মাণে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মওলানা আকরাম খান স্বর্ণপদক ও ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন