সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিল ১১ দলীয় ঐক্য

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০২:২৪ পিএম

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিল ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন ফরমে প্রস্তাবক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে রয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী কর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিনশ ঊনপঞ্চাশ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।