আগস্ট ১৩, ২০২৬, ০৩:৩৭ পিএম
অবৈধ ব্যাটারি অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। এসব অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে বিশেষ করে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, বেশিরভাগ ব্যাটারি অটোরিকশা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। সরকার এই অবৈধ সংযোগগুলো বন্ধ করার চেষ্টা করছে। তবে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রায়ই হামলার মুখে পড়তে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার এই সংকট মোকাবিলায় কাজ করছে।
সম্প্রতি একটি এলএনজি বহনকারী এফএসআরইউর জন্য আদেশ দেওয়া হয়েছে এবং আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে এসব প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় নতুন একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জ্বালানিমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন