সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০১:১৫ পিএম

নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

ছবি : সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত এই বিশেষ সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’। সরকারি এই নতুন সেবাটি মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। মঙ্গলবার সকালে তেজগাঁওস্থ বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিক পর্যায়ে রাজধানীতে দশটি বাস চালুর পরিকল্পনা থাকলেও এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এই বিশেষ বহরে যুক্ত করা হবে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ডিপোকে কেন্দ্র করে বাসগুলোর নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, জোয়ারসাহারা এবং গাজীপুর বাস ডিপোর অধীনে বিভিন্ন রুটে এসব বাস চলাচল করবে। নতুন বাজার, তালতলা, ডেমরা স্টাফ কোয়ার্টার, মিরপুর বারো এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন নারী যাত্রীরা। এছাড়া ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুট এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও বাসগুলোর চলাচল নিশ্চিত করা হয়েছে।

মহিলাদের জন্য বিশেষভাবে পরিচালিত এই বাস সার্ভিস চালুর ফলে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। দৈনন্দিন যাতায়াতে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট রুটে নির্ধারিত সময়ে বাসগুলো চলাচল করলে নগরীর গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।