আগস্ট ১৮, ২০২৬, ০৯:৪৭ পিএম
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামের তেরোটি রুটে বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এই সেবার আওতায় মোট চৌদ্দটি বাস চলাচল করবে, যা পরিচালনা করবেন নারী চালক ও নারী সহকারীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপোতে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
নারীবান্ধব পরিবহন নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে বাস ও রুটের সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, নারীদের জন্য সংরক্ষিত ও নারী দ্বারা পরিচালিত এই পরিবহন ব্যবস্থা সরকারের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ।
ঢাকার দশটি রুটে দশটি, বগুড়ার দুটি রুটে দুটি এবং চট্টগ্রামের একটি রুটে দুটি বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে। ঢাকার বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রাখা হয়েছে। যাত্রী সাধারণের যাতায়াত সহজ করতে স্টপেজ ও রুটগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় নারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এখন আরও নিরাপদ পরিবেশে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের ভাষ্যমতে, যাত্রীদের চাহিদা ও সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন