আগস্ট ২৯, ২০২৬, ০৫:৫৫ পিএম
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার সর্বাত্মক লক্ষ্য রয়েছে সরকারের। এই নির্বাচন পরিচালনা ও প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেছিল, তা ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে। নতুন এই আইনের ফলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়ন দেওয়ার কোনো বিধান থাকছে না।প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এবার স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে।
তবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীরা চাইলে দলীয়ভাবে সমর্থন দিতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।এর আগে নবগঠিত মোকামতলা উপজেলার নবনিযুক্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন