বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৬:২৩ পিএম

দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে সারের কোনো ঘাটতি বা সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয় এবং সমপরিমাণ সারের নিরাপত্তা মজুদ সর্বদা সংরক্ষিত থাকে। ফলে দেশে সার সংকট হওয়ার কোনো বাস্তব সুযোগ নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট মূল্যের বেশি দামে সার বিক্রি করা হলে কিংবা খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট দেখালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে বীজ ও নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।