বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গুম প্রতিরোধ বিল পাসের সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৬:২২ পিএম

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গুম প্রতিরোধ বিল পাসের সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে গুরুত্বপূর্ণ এই বিলটি সংসদে প্রেরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে এই বিল প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে কমিটি।বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি স্পষ্ট করে জানান যে, কমিটির সদস্য হিসেবে সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন ও বিরোধিতা করার সুযোগ রয়েছে, তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থী। 

বৈঠকে গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলে জানানো হয়। 

মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা ও ব্লেম গেম পরিহার করার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।