সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৫৪ পিএম
রোদের তীব্রতা, বৃষ্টির ধারা কিংবা রাতের নিস্তব্ধতা উপেক্ষা করে প্রতিদিন রাজধানীর নির্দিষ্ট কয়েকটি সড়কে সাধারণ মানুষের উপস্থিতির এক ভিন্ন দৃশ্য চোখে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যাতায়াতের সময়সূচি সুনির্দিষ্টভাবে জানা না থাকলেও প্রতিদিনের রুটিন মাথায় রেখে ফুটপাতে বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন অনেকে। তাঁদের এই দীর্ঘ প্রতীক্ষার মূল উদ্দেশ্য কেবল চলন্ত গাড়ির কাঁচের ওপাশে থাকা সরকারপ্রধানকে একনজর চোখের দেখা দেখা।

এই ক্ষণিক সাক্ষাতের মাঝেই প্রতিদিন রচিত হয় এক নীরব বন্ধন। রমনা থানা এলাকার একসময়কার এটিএম বুথের সাবেক বৃদ্ধ নিরাপত্তাকর্মী চাকরি হারানোর পরও পুরোনো পোশাকে ধানের শীষ হাতে প্রতিদিন নির্দিষ্ট স্থানে হাজির হন। গাড়িটি কাছাকাছি এলে গতি সামান্য কমে, আর বৃদ্ধের হাসিমুখের অভিবাদনের জবাবে গাড়ির ভেতর থেকেও প্রধানমন্ত্রী হাত নেড়ে সাড়া দেন।

একইভাবে বনানীর কাঁচাবাজার ও কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন ফুটপাতে ফল বিক্রেতা ও রিকশাচালকদের অনেকেই জীবিকার ব্যস্ততা থামিয়ে অধীর আগ্রহে চেয়ে থাকেন। রাতে গুলশান দুই-এর কর্মক্ষেত্র শেষ করে ফেরার পথে পথচারী ও আশপাশের রেস্তোরাঁ কর্মীদের জন্য গাড়ির ভেতরের বাতি জ্বালিয়ে দেন প্রধানমন্ত্রী, যাতে অপেক্ষমাণ মানুষগুলো তাঁকে স্পষ্ট দেখতে পান।
কোনো প্রকাশ্য বক্তৃতা, সমাবেশ বা আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই কেবল চোখের দেখা ও হাত নাড়ার মাধ্যমে দীর্ঘদিনের এই পরিচিত মুখগুলোর সাথে গড়ে উঠেছে এক আন্তরিক আত্মিক সম্পর্ক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন