সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:০৭ পিএম
বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের বিষয়ে ঢাকার আগ্রহের কথা তুলে ধরা হয়েছে।
বুধবার সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাতের অংশীদারত্ব, শিক্ষা, পর্যটন এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির নানা দিক গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করারও অনুরোধ জানানো হয়।
ওষুধ রপ্তানিতে সহযোগিতার আশ্বাস এসেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমাত্রিকতা বাড়াতে তার দেশ সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। বিশেষ করে বাংলাদেশি তৈরি ওষুধ ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশের সুযোগ প্রসারিত করার বিষয়ে ইতিবাচক অবস্থান তুলে ধরেন তিনি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ ও আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও জাকার্তার সমর্থন চাওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন