মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

সার মজুতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৩:৪৫ পিএম

সার মজুতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মন্ত্রী

ছবি: সংগৃহীত

সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এই উপকরণ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্যটি মজুতের অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি দেখতে সেখানে যান মন্ত্রী। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে সার মজুতের চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষকদের সরাসরি সহায়তা দিতে প্রথম ধাপে সারা দেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফেনী জেলায় সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড সুবিধা পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত থেকে এই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মতবিনিময়ের আগে ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগামী জনসভার নির্দিষ্ট স্থান পরিদর্শন করেন মন্ত্রী। তিনি মাঠের নিরাপত্তা, মঞ্চ প্রস্তুতি এবং স্থানীয় সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।