সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৭:২২ পিএম
নগর স্বাস্থ্যসেবায় সান্ধ্যকালীন ক্লিনিক সেবা চালুর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি শহরের ভাসমান জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ার্ডভিত্তিক সুনির্দিষ্ট এলাকা নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় তিনি এই তথ্য জানান। সিএসও ফোরামের উদ্যোগে ‘টেকসই এসআরএইচআর ইকোসিস্টেম’ শীর্ষক ওই সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের শহরগুলোতে প্রতি ৫০ হাজার থেকে এক লাখ নাগরিকের জন্য একটি করে বিশেষায়িত ইউনিট নির্ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক নগর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা হবে। এই ব্যবস্থা আগামী ২০ থেকে ৩০ বছর দেশকে টেকসই সেবা দিতে সক্ষম হবে।
স্বাধীনতার পর দেশে শহুরে জনসংখ্যা ১০ শতাংশের নিচে থাকলেও বর্তমানে তা প্রায় ৩০ শতাংশে উন্নীত হয়েছে এবং ২০৫০ সালের মধ্যে এই অনুপাত ৫০ শতাংশে গিয়ে পৌঁছাবে। এই বাস্তবতার কারণেই গ্রামীণ স্বাস্থ্যের পাশাপাশি শহরের স্বাস্থ্যসেবাকে সরকারি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসা হচ্ছে। নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানো হবে। প্রতিমন্ত্রী জানান, এতদিন নগর স্বাস্থ্যসেবা মূলত পৌরসভা, সিটি করপোরেশন এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ওপর নির্ভরশীল ছিল।
এখন সেই পদ্ধতির ইতিবাচক দিকগুলো অক্ষুণ্ণ রেখে সরকারের প্রত্যক্ষ পরিচালনায় একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি কাঠামো তৈরি করা হচ্ছে। মাঠপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে, যেখানে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূখ্য ভূমিকা রাখবে। এছাড়া ‘কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং’ কর্মীদের হাতে উন্নত ডায়াগনস্টিক কিট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত বিশেষ মোবাইল অ্যাপ তুলে দেওয়ার পরিকল্পনা চলছে, যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক শারীরিক পরীক্ষা ও নির্ভুল স্বাস্থ্য পরামর্শ দিতে পারেন।
আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সিএসও ফোরামের আহ্বায়ক সায়েদ রুবাইয়েতের সঞ্চালনায় সভায় সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিনাত রেহানা। বক্তারা তৃণমূল ও শহরের প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত নীতিমালার ওপর তাগিদ দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন