সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:৩৭ পিএম
তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত এবং গণমাধ্যমের পেশাগত স্বাধীনতা সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান।শুরুতে পরিচিতি পর্বের পর কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে বলা হয়, বিগত ১৭ বছরের শাসনকালের বিভিন্ন প্রাতিষ্ঠানিক গ্লানি মুছে ফেলে এখন সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে মন্ত্রণালয় পরিচালনা করতে হবে। এ সময় সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত নীতিমালার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা বজায় রাখার তাগিদ দেন কমিটির সদস্যরা।
সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত দুই বছরে রাজনীতিতে এক ধরনের কুরুচিপূর্ণ গালিগালাজের অপসংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা গণতান্ত্রিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে নাগরিক মর্যাদা সুরক্ষায় সাইবার নিরাপত্তা আইন যেন যথাযথ কার্যকর ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার প্রতিহত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিকদের মতপ্রকাশের প্রধান ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম উল্লেখ করে এর ভবন সংস্কার ও আধুনিকায়নের সুপারিশ করা হয়। বিশেষ করে প্রেস ক্লাবের কেন্দ্রীয় অডিটোরিয়ামটিকে আরও সুন্দর, প্রশস্ত ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কমিটির সদস্যরা। উচ্চপর্যায়ের এই নীতি নির্ধারণী বৈঠকে আইনপ্রণেতা ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মোঃ আশরাফ উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মোঃ শফিকুল ইসলাম এবং মোসাঃ নাজমুন নাহার। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংস্থাপ্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নিয়ে প্রশাসনিক অগ্রগতি তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন