শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
মানবিক পুনর্বাসন উদ্যোগ

শাহবাগের ফুটপাত থেকে নিজের নতুন ঘরে গোলাপি বেগম

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:০১ পিএম

শাহবাগের ফুটপাত থেকে নিজের নতুন ঘরে গোলাপি বেগম

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই গোলাপি বেগমের সুচিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রায় এক বছর ধরে তাঁর নিয়মিত চিকিৎসার খরচ বহন করার পাশাপাশি রাজধানী ঢাকায় একটি বাসায় তাঁর সাময়িক বসবাসের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে তাঁর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে একটি নিজস্ব বাড়ি নির্মাণের সুনির্দিষ্ট নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য একটি নতুন পাকা বাড়ি নির্মাণ করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। চাবি হস্তান্তরের পাশাপাশি এই বৃদ্ধার সার্বিক জীবনযাপনের সুবিধার জন্য আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এ ছাড়া আয়োজনে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সহায়হীন মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি এই মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা কার্যকর থাকবে।