আগস্ট ২৯, ২০২৫, ১১:৪৮ এএম
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে।” তিনি আরও বলেন, জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি বরদাশত করা হবে না। তার মতে, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্য নির্বাচন কমিশনাররাও তাঁদের মতামত ব্যক্ত করেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এই নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক ভোটার অংশ নিতে পারেন। তিনি জানান, প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
অন্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। তারা কৃচ্ছ্রসাধনের পরিবর্তে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন