রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ১০:৪৬ এএম

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে

ছবি - সংগৃহীত

গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।” মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, “আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল না, তারাও এখন রয়েছে। এমনকি যারা চাঁদাবাজি করছে, তারা অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না।” অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই ফেরত আসতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।

তিনি বলেন, “টাকা যারা পাচার করে, তারা খুবই কৌশলী। বিষয়টি খুব জটিল। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরার সম্ভাবনা আছে। বাকি অংশ ফেরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, এই প্রক্রিয়া আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে চলে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে এবং কিছু বিদেশি অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজও করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে ডিসেম্বরে চালু হবে।তিনি বলেন, “আমরা নভেম্বরেই চালুর জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরে চালু করবে। এরই মধ্যে কেন্দ্রের জ্বালানি এসে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কিছু সুপারিশ দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন চলছে।

তবে রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি বলেও তিনি জানান।আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম।

এখনো তারা আমার রুম রেখেছে, গাড়িও ফেরত নেয়নি। ড্রাইভার মাঝেমধ্যে ফোন করে জানতে চায়, ‘স্যার, গাড়ি আনব?’ এটা আমার জন্য বড় স্বস্তির জায়গা।”

তিনি বলেন, ‘আমি যেখানেই কাজ করেছি, সততার সঙ্গে করেছি। সব সরকারের সময়ই ভালো ভালো জায়গায় কাজ করেছি- বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো, শেষে গভর্নর হিসেবেও তিনটি সরকার পেয়েছি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশে এখনো শিশু ও মায়েদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি বলেন, “আমরা কিছুটা নিউট্রিশনের ঘাটতি কাটানোর চেষ্টা করছি। জেলেদের জন্য চাল বরাদ্দসহ বিশেষ ট্রাকে পণ্য সরবরাহ করা হচ্ছে। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এখনো সুষম নয়। চালের ওপর নির্ভরতা বেশি, আমিষ গ্রহণ কম। ডিমের মতো আমিষ এখনো অনেকে কিনতে পারছে না।”