অক্টোবর ৫, ২০২৫, ১১:০১ এএম
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের এক গুরুত্বপূর্ণ সফরে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তার এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার মতো কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পাবে।
কূটনৈতিক সূত্র মতে, সফরের মূল আকর্ষণ হলো আগামী ৭ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বা পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিন্চি। দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়াবলী নিয়ে আলোচনা হলেও বাণিজ্য ঘাটতি কমানো এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার, যার বেশিরভাগই তুরস্কের অনুকূলে। বৈঠকে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এর পাশাপাশি জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতগুলোতেও সহযোগিতা বাড়ানোর উপায় খোঁজা হবে।
এই সফরের সময় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, সফরের প্রথম দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হতে পারেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের মধ্যে গভীর ও বহুমুখী সম্পর্ক তৈরির আগ্রহকেই প্রতিফলিত করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন