সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৪:৪৭ পিএম

১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব

ছবি - সংগৃহীত

নানা বিতর্কের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শরৎ উৎসব ১৪৩২’। তবে পূর্বের আয়োজক ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’-কে বাদ দিয়ে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই এই উৎসবের আয়োজন করছে। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় এই উৎসব অনুষ্ঠিত হবে।শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরৎ উৎসব আয়োজনের জন্য ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’-কে প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু গত ৯ অক্টোবর ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’-এর পক্ষ থেকে আয়োজক গোষ্ঠীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসর’ এবং ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উৎসবটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

পরবর্তীতে শনিবার সকালে চারুকলা অনুষদে অনুষ্ঠিত এক বৈঠকে অভিযোগগুলো পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আবেদন করার সময় আয়োজক কর্তৃপক্ষ তাদের সদস্যদের বিতর্কিত রাজনৈতিক অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল। তাই, তাদের দেওয়া অনুমতি চূড়ান্তভাবে বাতিল করা হয়।

তবে, ঋতুভিত্তিক উৎসবের ঐতিহ্যকে সমুন্নত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে এবং সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসু-এর সহযোগিতায় এই শরৎ উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।