সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদ স্বাক্ষর পেছাল কেন? নতুন তারিখ কবে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৮:২৩ পিএম

জুলাই সনদ স্বাক্ষর পেছাল কেন? নতুন তারিখ কবে?

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবরের (বুধবার) পরিবর্তে নতুন তারিখ হিসেবে আগামী ১৭ অক্টোবর, শুক্রবার, নির্ধারণ করা হয়েছে। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানটি আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা।

দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্যই আমরা দিন পরিবর্তন করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও নিশ্চিত করেন, অনুষ্ঠানটি আগামী ১৭ অক্টোবর, শুক্রবার, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।এই স্বাক্ষর অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

এছাড়াও, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। বৈঠকে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।