অক্টোবর ১২, ২০২৫, ০৬:১৮ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে।”রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদের আমলে এর থেকেও ছোট ছোট ভাস্কর্য ও অবকাঠামো নির্মাণে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ হতে দেখেছি, কিন্তু তখন তাদের (সমালোচকদের) এমন কথা বলতে শুনিনি।” তিনি অভিযোগ করেন, সমালোচনাকারীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপ সৃষ্টির চেষ্টা করছেন, যাতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো কাজ না করা হয়।
তিনি বলেন, “তবে যত বাধাই আসুক, জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ আমরা করে যাব। শহীদদের এই স্মরণ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”স্থানীয় সরকার উপদেষ্টা আরও জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে তিনি আশাবাদী। এই স্মৃতিস্তম্ভটি জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও বিজয়ের এক স্থায়ী স্মারক হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন