বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১০:৩৭ এএম

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

ছবি - সংগৃহীত

দুর্নীতির গুরুতর অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. রেজাউল করিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং তার বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত চলমান থাকায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, মো. রেজাউল করিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। বিশেষ করে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢালাওভাবে রিমান্ড মঞ্জুর এবং জামিন নামঞ্জুর করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জুলাই অভ্যুত্থানের পর তাকে ওই পদ থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। সেই তদন্ত চলার মধ্যেই তাকে বরখাস্ত করার এই সিদ্ধান্ত এলো।