বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রাথমিকে আপাতত গানের শিক্ষক নিয়োগ হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৪৯ পিএম

প্রাথমিকে আপাতত গানের শিক্ষক নিয়োগ হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, “আপাতত প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।” হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দলের পক্ষ থেকে প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের বিষয়ে তীব্র আপত্তি ওঠার পর সরকারের পক্ষ থেকে এই বক্তব্য এলো।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “বিষয়টি সরাসরি আমার মন্ত্রণালয়ের (ধর্ম মন্ত্রণালয়) এখতিয়ারভুক্ত নয়; এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। তবে, হেফাজতে ইসলামসহ দেশের আলেম-ওলামাদের পক্ষ থেকে পাঠ্যক্রমে সংগীত অন্তর্ভুক্তির বিষয়ে যেহেতু আপত্তি জানানো হয়েছে, তাই আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছি এবং এ নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। চূড়ান্ত সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই নেবে।”

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেই সিদ্ধান্তটিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় গ্রহণ করবে।উল্লেখ্য, সম্প্রতি হেফাজতে ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পরিকল্পনা বাতিল এবং তার পরিবর্তে প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নসহ বেশ কয়েকটি দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যা নিয়ে আলোচনা চলছে।