অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৩২ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা (বাংলাদেশ) ১৭ কোটি ৩০ লাখ মানুষকে খাওয়াই, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে এসেছে।” তিনি বলেন, ইতালির অর্ধেক আয়তনের একটি দেশ হয়েও বাংলাদেশ এই বিশাল দায়িত্ব পালন করে চলেছে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত ‘বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের কৃষি খাতের অভাবনীয় সাফল্য তুলে ধরে ড. ইউনূস বলেন, “আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যা আমাদের প্রধান খাদ্যশস্য।
আমরা এখন বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং আমরা ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি।”তিনি আরও বলেন, কৃষকদের ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করা হচ্ছে এবং একটি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
ভাষণের এক পর্যায়ে তিনি ক্ষুধার্ত ও সংঘাতমুক্ত বিশ্ব গড়তে তার বিখ্যাত ‘থ্রি-জিরো’ বা ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ) তত্ত্বের আলোকে ছয় দফা প্রস্তাবনাও তুলে ধরেন। তিনি বলেন, “ক্ষুধা কোনো খাদ্য ঘাটতির কারণে হয় না, এটি আমাদের তৈরি করা ত্রুটিপূর্ণ অর্থনৈতিক কাঠামোর নৈতিক ব্যর্থতা।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন