অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৪ এএম
বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও বেগবান করতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘সচিবালয় চলো’ কর্মসূচি পালন করছেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ঘোষণা অনুযায়ী, আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে এই পদযাত্রা (লং মার্চ) শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে কর্মসূচিতে অংশ নিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক জড়ো হয়েছেন। এদিকে, আজ দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হওয়ায় স্কুল-কলেজে পাঠদান ও পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শিক্ষকদের এই কর্মবিরতির কারণে স্কুলগুলোতে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইনও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
আন্দোলনের নেতারা জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের লাগাতার অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দাবি আদায় না করে শিক্ষকরা এবার ঘরে ফিরবেন না।”
এর আগে, রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থানে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই শিক্ষকরা তাদের আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নেন।
এদিকে, শিক্ষকদের এই যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। সোমবার রাতে ও বিকেলে এই সংগঠনগুলোর শীর্ষ নেতারা শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের প্রতি তাদের সমর্থন জানান এবং সরকারের প্রতি শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার ও দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন