সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামিনের আদেশ ‘এক ক্লিকেই’ কারাগারে যাবে: আইন উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১২:০৪ পিএম

জামিনের আদেশ ‘এক ক্লিকেই’ কারাগারে যাবে: আইন উপদেষ্টা

ছবি - সংগৃহীত

আদালত থেকে জামিন পাওয়ার পরও আদেশের কপি কারাগারে পৌঁছাতে দীর্ঘসূত্রতা এবং এ সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি বন্ধে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, “এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ (বেইল বন্ড) কারাগারে চলে যাবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিচার বিভাগের সংস্কার নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে এই ঘোষণা দেন।ড. আসিফ নজরুল বলেন, “একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে কারাগার পর্যন্ত প্রায় ১২টি ধাপে যেতে হয়। প্রতিটি ধাপেই হয়রানির শিকার হতে হয়, কোথাও কোথাও টাকাও দিতে হয়।

আমরা একটি পাইলট প্রকল্প চালু করছি, যেখানে এক ক্লিকেই আদালতের জামিননামা অনলাইনের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত হবে।”তিনি আরও কয়েকটি বড় সংস্কারের ঘোষণা দিয়ে বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে।”

এছাড়াও, তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গুম প্রতিরোধ আইন, দুদক আইন এবং মানবাধিকার কমিশন আইনের মতো গুরুত্বপূর্ণ আইনগুলো চূড়ান্ত করা হবে।আইন উপদেষ্টা বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা রয়েছে এবং নিজস্ব অর্থায়নেই কাজগুলো করা হচ্ছে।