রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন কর্মসূচি ঘোষণা, শহীদ মিনারে রাত কাটাবেন শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৯:০০ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা, শহীদ মিনারে রাত কাটাবেন শিক্ষকরা

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দিনভর পুলিশি বাধার মুখে পড়ার পর রাতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে তারা হাইকোর্ট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছান এবং সেখানেই রাত যাপনের ঘোষণা দেন।

এর আগে, সন্ধ্যায় হাইকোর্ট মোড়ে অবস্থানরত হাজার হাজার শিক্ষকের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।নতুন কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হলে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করবেন শিক্ষকরা।

কর্মসূচি ঘোষণার পর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা শহীদ মিনার থেকে আজ সচিবালয়ে এসেছিলাম, কাল শাহবাগ যাব। এরপর প্রয়োজনে যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) অভিমুখেও যেতে হতে পারে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি দিতেও বাধ্য হব।”

উল্লেখ্য, আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে পদযাত্রাটি হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এরপর শিক্ষকরা সেখানেই রাস্তায় বসে পড়েন, ফলে দিনের একটা বড় সময় ধরে ঐ এলাকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে।