রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:০১ পিএম

প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে রদবদল নিয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে, সেরকম যোদ্ধাদেরই (কর্মকর্তা) বেছে নেওয়া হবে। এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. ইউনূস বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানেই হবে। জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে সবচেয়ে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই করা হবে।

এর আগে, বৈঠকে বিএনপির প্রতিনিধি দল প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। তারা ‘বিতর্কিত কর্মকর্তা’, বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আসন্ন ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।