রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আর্মির আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা না হলে গণপ্রতিরোধ হবে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:১৭ পিএম

আর্মির আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা না হলে গণপ্রতিরোধ হবে

ছবি - সংগৃহীত

আয়নাঘর’ গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আগামীকাল (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আগামীকাল আর্মির আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা না হলে গণপ্রতিরোধের প্রস্তুতি নিন।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শরিফ ওসমান হাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কড়া বার্তা দেন।তিনি তার পোস্টে আরও লেখেন, “বিএনপি-জামায়াত ক্ষমতার জন্য কিলারদের সাথে আঁতাত করলে তাদেরকেও জনতার আদালতে তুলুন। লড়াই চলবে, ইনশাআল্লাহ।”উল্লেখ্য, গত ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘আয়নাঘর’-এ সংঘটিত গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‍্যাব ও ডিজিএফআইতে কর্মরত ১৫ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে ইতোমধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তারা বিচারের পক্ষে।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সেই ১৫ জন সেনা কর্মকর্তাসহ সকল আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করার এই ঘটনাকে কেন্দ্র করে আইন-আদালত অঙ্গন ও জাতীয় রাজনীতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শরিফ ওসমান হাদির এই পোস্ট সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।