অক্টোবর ২৯, ২০২৫, ০১:৩২ পিএম
দেশের নির্বাচন ও জাতীয় ঐকমত্য নিয়ে চলমান ব্যাপক আলোচনা কিছুটা থামিয়ে এখন সবার নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন-ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এসব থামিয়ে আমাদের একটা অবস্থানে পৌঁছতে হবে, যেখানে সবাই সবার দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে বিভিন্ন দাবি আদায়ে সড়কে অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টির মতো ঘটনাগুলোকে 'খারাপ দিক' হিসেবে উল্লেখ করে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভবিষ্যতে হয়তো এই নেতিবাচক সংস্কৃতি তৈরির জন্য বর্তমান সরকারকেও দায়ী করা হতে পারে। তবে তিনি আশাবাদী যে, এই পরিস্থিতি একসময় কেটে যাবে। তার মতে, দীর্ঘদিন ধরে না পাওয়ার মধ্যে দিয়ে গেলে অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আশা প্রকাশ করেন, এখন যারা রাজনীতিতে আসবেন, তাদের মধ্য থেকে একটি শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার কাঠামোয় বর্তমানে তরুণদের সংখ্যাই বেশি। সামনের দুই দশকের মধ্যে এই তরুণদেরই দেশকে গড়ে তোলার গুরুদায়িত্ব নিতে হবে। তাই এখন সবার জন্যই একটি সুবর্ণ সুযোগ এসেছে।’ বিশ্বজুড়ে তারুণ্যের জাগরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু তারা (তরুণরা) ফ্যাসিবাদ দেখেছে, তাই তারা গণতন্ত্রের প্রতি মনোযোগী হবে।’
উপদেষ্টা আরও বলেন, তরুণরা দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু অনেক সময় সঠিক দিকনির্দেশনার অভাবে তারা তা পেরে ওঠে না। তিনি মনে করেন, জুলাই অভ্যুত্থানের সময় তরুণরা যে নৃশংসতা দেখেছে, সেটি তাদের মধ্যে একটি গভীর মানসিক প্রভাব ফেলেছে, যার কারণে তারা এক ধরনের অস্থিরতায় ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণে এবং দেশের অগ্রগতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে তিনি মত দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন